এনটিসিআরএ’র প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ

11 August, 2026

প্রকাশের সময়: 08:38 pm, 11th Aug, 2026

সর্বশেষ আপডেট: 08:39 pm, 11th Aug, 2026

এনটিসিআরএ’র প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ
এনটিসিআরএ’র প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিসিআরএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবম শিক্ষক নিয়োগ প্রত্যাশী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর এ সমাবেশের আয়োজন করেন।

এ সময় বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, কমিটির মাধ্যমে নিয়োগের সুযোগ দেওয়া হলে স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অনিয়ম ও বাণিজ্যের সুযোগ তৈরি হবে।

আন্দোলনকারীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- ‘কমিটি প্রথা বাতিল করে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা’, ‘আগামী এক সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ’ এবং ‘এনটিআরসিএ অক্ষম হলে পিএসসির মাধ্যমে দ্রুত নিয়োগ সম্পন্ন করা’।

এ সময় আন্দোলনকারীদের হাতে ‘কমিটি প্রথার কবর দে, এক সপ্তাহের মধ্যে সার্কুলার দে’, ‘মেধাবীদের সাথে প্রহসন মানি না, মানবো না’, ‘ছাত্র-জনতা এক হও, কমিটি বাণিজ্য রুখে দাও’, ‘ঘুষের  নিয়োগ রুখতে হবে এনটিসিআরএ’-তে ফিরতে হবে’ ইত্যাদি পোস্টার ও প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

সমাবেশ থেকে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) এনটিসিআরএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিল করে ম্যানেজিং কমিটির হাতে দায়িত্ব অর্পণের বিষয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যদিও শিক্ষামন্ত্রী তার এক ফেসবুক বার্তায় বলেছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি।

শেয়ার করুন!