ব্রিকসের ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৭ সালে চীনে অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের ব্রিকেসের সভাপতির দায়িত্ব পালন করবে চীন। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা করেন। দুদিনব্যাপী এ সম্মেলন শনিবার শুরু হয়েছে এবং রোববার এর সমাপ্তি ঘটবে।
ব্রিকসের পরবর্তী সভাপতিত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর শি জিনপিংকে উষ্ণ অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল ভারত।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিকসের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বিশ্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে আগামী দুই দশকের জন্য জোটটির একটি নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান তিনি।
বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে আগামী বছর চীনের সভাপতিত্বে জোটটির কার্যক্রম ও অগ্রাধিকার কোন দিকে আগায়, তার ওপর নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।








