দেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক বলিষ্ঠ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
তাঁকে কবি হেলাল হাফিজ ও সম্পাদক গোলাম সরওয়ারের পাশে শায়িত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাঁদের পাশে তৌফিক ইমরোজ খালিদীকে শায়িত করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন হয়।
এর আগে দুপুর আড়াইটায় সেখানে তার মরদেহ নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান প্রয়াতের বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
এরপর কফিন নেওয়া হয় তৌফিক ইমরোজ খালিদীর প্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস প্রাঙ্গণে। সেখানে মরদেহ রাখা হয় দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত।
এরপর সাংবাদিক খালিদীর মরদেহ নেওয়া হয় তাঁর বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাঁকে দেখেন।

বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের পথিকৃৎ আলমগীর হোসেনের মাধ্যমে বিডিনিউজের যাত্রা শুরু হয় ২০০৫ সালের প্রথমার্ধে।
অন্যান্য বার্তা সংস্থার মতো ‘বিডিনিউজ’ তখন সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করতো। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ এ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এর খোলনলচে বদলে যায়। ওই বছর জুলাই মাসে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়।
২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা; বাংলাদেশে ডিজিটাল সংবাদ যুগের সূচনা তখনই।
সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদী
তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতায় নাম লেখান ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকত্তোর শেষ করে তিনি যোগ দেন ‘সানডে এক্সপ্রেস’ পত্রিকায়।
৩ দশকের বর্ণাঢ্য পেশাজীবনে তিনি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন মাস পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন।
এর আগে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি ‘দৈনিক ডেইলি স্টার’ এবং ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।








