বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিছু সংখ্যকমানুষ: প্রধানমন্ত্রী

05 November, 2026

প্রকাশের সময়: 04:44 pm, 5th Nov, 2026

সর্বশেষ আপডেট: 05:03 pm, 5th Nov, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,আপনারা লক্ষ করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছুসংখ্যক মানুষ।

তিনি বলেন, আপনারা দেখেছেন যে, কিছুসংখ্যক লোক, কিছু উচ্ছৃঙ্খলতাকারী; বর্তমান সরকার যেখানে আমরা মানুষের কর্মসংস্থানসহ শিল্পের প্রসার ঘটাতে চাচ্ছি, শ্রমিক ভাইবোনদের এই দাবির অন্তরালে কিছুসংখ্যক লোক, একটি মহল, দেশের ওপার থেকে, সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরি করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাঁটাখালী এলাকায় পথসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্যার সমাধান, শিল্প-ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখতে সরকার রাত-দিন পরিশ্রম করছে। আমরা জানি, শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে। আপনারা দেখেছেন, এরই মধ্যে আমরা সেই দাবি-দাওয়াগুলো বিবেচনা করার জন্য মজুরি বোর্ড গঠন করেছি।

তিনি বলেন, মজুরি বোর্ড এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে। আগামী দুই-এক মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে আমাদের প্রিয় শ্রমিক ভাই-বোনেরা একটু হলেও ভালো থাকতে পারে।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী ভাই-বোন, কোনো শ্রমিক ভাই-বোন শিল্পের কখনো ক্ষতি করতে পারে না। আমরা পত্রপত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম যে, এই উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী লোকগুলো বিভিন্ন কলকারখানায় যাচ্ছে এবং এই কলকারখানাগুলো ধ্বংস করছে, ভাঙচুর করছে। গাড়ি ভাঙচুর করছে, মেশিনপত্র ভাঙচুর করছে, কারখানাগুলো ভাঙচুর করছে।

এই মিল কারখানাগুলো দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ, শ্রমিকদের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কারখানা যদি ধ্বংস হয়ে যায়, সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই দেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক ভাই-বোনেরা। তাদের সন্তানদের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ, তারা আপনাদের ভবিষ্যত, এই দেশের ভবিষ্যত ধ্বংসের পাঁয়তারায় তারা নেমে পড়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, তাদের হাতে সুযোগ ছিল। তারা বহু বছর এই দেশ জোর করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দখল করে রেখেছিল। সে সময় তারা কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। সেই সময় তারা ব্যস্ত ছিল শুধু তাদের নেতাদের ভাগ্য গড়তে। আজকে যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য এই জনগণের সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই ষড়যন্ত্রকারীরা ভেস্তে দিতে চাইছে।

শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, রুখে দাঁড়াতে হবে, যাতে কোনোভাবেই সেই ষড়যন্ত্রকারীরা সুযোগ না পায়। কারণ, আজকে সময় এসেছে আমাদের দেশ গঠন করার। আজকে সময় এসেছে আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করার।

বিগত দুই সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাগেরহাটে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে বলেছিলাম যে, বিএনপি যদি সরকার গঠনে সক্ষম হয়, তাহলে দেশের মানুষের জন্য কাজ করবে।

সরকার খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্প স্থাপন করতে চায় জানিয়ে তিনি জানান, বছরের পর বছর অবহেলিত এসব এলাকার উন্নয়ন বিএনপির লক্ষ্য।

এই এলাকার মানুষের জীবনের ব্যবস্থা আমরা উন্নত করতে চাই এবং সেই জন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি। এই অঞ্চলকে আমরা আর অবহেলিত অঞ্চল হিসেবে ফেলে রাখতে চাই না।

শেয়ার করুন!