রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট: আদেশ মঙ্গলবার

17 August, 2026

প্রকাশের সময়: 04:38 pm, 17th Aug, 2026

সর্বশেষ আপডেট: 04:38 pm, 17th Aug, 2026

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট: আদেশ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা স্থগিত চেয়ে রিটের আদেশ দেওয়া হবে মঙ্গলবার।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ বিষয়ে রিট দাখিল করেন।

সেদিন তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। সে কারণে ৭০ অনুচ্ছেদ বাতিলের নির্দেশনা ও রুল চেয়েছি। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছি।

প্রসঙ্গত, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তা হলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

অনেকদিন থেকেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করতে আলোচনা চলছে। আগে এই বিষয়টি নিয়ে রিটও হয়েছিল হাইকোর্টে।

শেয়ার করুন!