পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন হোসেন সাদাত। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে কমিশনে যোগ দেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা-৫(২) অনুযায়ী হোসেন সাদাতকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের মাধ্যমে বিএসইসির চারজন কমিশনারের পদ পূরণ হয়েছে।
হোসেন সাদাত একজন অভিজ্ঞ করপোরেট পেশাজীবী এবং করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন ও করপোরেট যোগাযোগ বিষয়ে সুদীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং নিরীক্ষা ও নিরীক্ষা-নিশ্চয়তা খাতে তার প্রায় তিন দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি ও রহমান রহমান হক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে (কেপিএমজি বাংলাদেশ) জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএসআইএ) এবং আইসিএসবিসহ বিভিন্ন বোর্ড ও কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোসেন সাদাত একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস)। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল থেকে নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।








