চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের ১১টি শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উৎপাদন বন্ধের কারণে এসব প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের ছাঁটাইয়ের নোটিস দেয়া হয়। গতকাল থেকে কারখানাগুলোর উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য স্থানে অবস্থিত এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায়ও শ্রমিক-কর্মচারীদের অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।
বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস-এনওএফ, চেমন স্টিল, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট ও এস আলম ভেজিটেবল অয়েল।
কারখানাসংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিস বোর্ডে চাকরি থেকে অব্যাহতি পাওয়া শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঝুলিয়ে দেয়া হয়। নোটিসে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট থেকে তাদের চাকরি থেকে অব্যাহতি কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকিং সহযোগিতার সংকট ও ঋণপত্র (এলসি) খুলতে না পারায় দীর্ঘদিন ধরে কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছিল। মজুদ কাঁচামাল দিয়ে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত থাকলেও তা শেষ হয়ে যাওয়ায় সব কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। তবে আমদানি প্রক্রিয়া শুরু হলে ধারাবাহিকভাবে কারখানাগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন এস আলম গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল আলম বলেন, ‘কারখানায় বর্তমানে সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।’
দীর্ঘদিন ধরে সীমিতভাবে উৎপাদন চললেও অনেক শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়নি। এখন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়ায় তাদের কর্মস্থলে রাখার সুযোগ নেই।’








