সাবেক আইজির জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

02 August, 2026

প্রকাশের সময়: 12:13 pm, 2nd Aug, 2026

সর্বশেষ আপডেট: 12:14 pm, 2nd Aug, 2026

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বেনজীর আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন শুনলাম। সঙ্গে সঙ্গে আমি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে আমাদের যে ইউএই রাষ্ট্রদূত আছেন, তার সঙ্গে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য। তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন জামিন বাতিলের জন্য সুপারিশ করে।

বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজীর আহমেদ আসলেই মুক্তি পেয়েছেন কি না সাংবাদিকরা এমন প্রশ্নও করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এ তথ্য সঠিক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন!