টেকসই-জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে

11 August, 2026

প্রকাশের সময়: 07:01 pm, 11th Aug, 2026

সর্বশেষ আপডেট: 07:04 pm, 11th Aug, 2026

টেকসই-জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদমন্ত্রী
টেকসই-জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদমন্ত্রী

ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো.শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারিত্বের মাধ্যমে সবার বাসযোগ্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের গড়ার কাজ করছে সরকার।

‘ন্যায়সঙ্গত আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনের লক্ষ্যে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনাবিষয়ক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।

এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম  ঝুঁকিপূর্ণ  দেশ  বাংলাদেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জ আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে সহসাই অনুমোদনের আশা করা হচ্ছে।

‎প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন- সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আনা মিঞ্জ।

প্যানেল  আলোচনা  করেন- ওয়াটার এইড বাংলাদেশ-এর পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষ-এর পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান।

শেয়ার করুন!