নারীদের জন্য শুরু হচ্ছে ‘পিংক বাস’ সার্ভিস

19 August, 2026

প্রকাশের সময়: 08:36 am, 19th Aug, 2026

সর্বশেষ আপডেট: 08:36 am, 19th Aug, 2026

এখন থেকে নারীরা যাতে নিরাপদে ও কোনো ধরনের ঝামেলা ছাড়াই নিজেদের গন্তব্যে যেতে এবং আসতে পারেন, সে লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের কয়েক এলাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’ সার্ভিস। এর চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকেই বিআরটিসির উদ্যোগে এই ‘পিংক বাস’ সার্ভিস চালু হচ্ছে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার স্বাক্ষরিত সইয়ে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকেই রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই পিংক বাস সার্ভিসের উদ্বোধন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরো ৪টি বাস এ সেবায় যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস সার্ভিস

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল 

কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

তালতলা-মতিঝিল

তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল যাবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও

ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও যাবে।

মিরপুর-১০-মতিঝিল

মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল যাবে।

মিরপুর-মতিঝিল 

মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

মিরপুর-১২-মতিঝিল

মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

মোহাম্মদপুর-মতিঝিল

মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল যাবে।

আব্দুল্লাহপুর-মতিঝিল 

আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

গাজীপুর-বিমানবন্দর 

গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর যাবে।

ঢাকার বাইরেও চলবে পিংক বাস সার্ভিস

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চলাচল করবে।

চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করছে বিআরটিসি।

শেয়ার করুন!