জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তবে তিনি এটাও বলেছেন যে, আইএমএফের বেসিক নিয়ম যেটা আছে, তারা চায় না একটা সরকার খুব বেশি ভর্তুকি দিক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আপনি খেয়াল করলে দেখবেন, এই নিয়ম আমরা সবসময় সবকিছু মেনে যাচ্ছি, তা কিন্তু নয়।
তিনি বলেন, এমনকী আমাদের যেসব গার্ডের প্রজেক্ট আছে, যা যা আছে, এগুলোর ব্যাপারেও তাদের আসলে যে খুব একটা স্বস্তি, তা কিন্তু নয়। কিন্তু আমরা আমাদের জনগণের কল্যাণে এটা করছি। এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।
জাহেদ উর রহমান বলেন, আমরা যে পরিমাণ ভর্তুকি জ্বালানি হিসেবে দিচ্ছি, যদি এই তরল জ্বালানির সঙ্গে গ্যাস এবং বিদ্যুৎকে যোগ করি, তাহলে দেখুন কত বড় অংকের ভর্তুকি আছে। এই ভর্তুকি কমাতে হবে। এটা আমাদের খুবই মৌলিক অর্থনৈতিক জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি।
তিনি বলেন, এখন কতটুকু কমাবো, কোনটায় কতটুকু কমানো যেতে পারে, আমরা হয়ত সেই সিদ্ধান্ত নিচ্ছি।
আইএমএফ প্রসঙ্গে ফের জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই।
সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, তা নির্ধারণ করা।








