সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয়সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলামের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
পরিপত্রে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।








