রাজধানীতে ব্রয়লার মুরগি ও ডিমের উচ্চমূল্য

23 October, 2026

প্রকাশের সময়: 06:52 pm, 23rd Oct, 2026

সর্বশেষ আপডেট: 06:52 pm, 23rd Oct, 2026

প্রায় তিন মাস ধরে বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। সরবরাহ মোটামুটি ঠিক থাকলেও দাম কমছে না। সম্প্রতি সরু চালের দাম কেজিতে ২ টাকা ও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।

এ দিকে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি চলছে। ছুটি কাটাতে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। এতে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজতুরী বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা কেজি। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিমের দাম ১৫০ টাকার আশপাশে।

বিক্রেতারা জানান, গত কয়েক মাসের মধ্যে একাধিকবার মুরগির খাদ্যের দাম, বিদ্যুৎ বিল, গাড়িভাড়া প্রভৃতি খরচ বেড়েছে। এ কারণে মুরগি ও ডিমের দাম কমছে না।

গত এক মাসের মধ্যে বাজারে সাবান, ডিটারজেন্টের মতো বেশ কিছু মোড়কজাত পণ্যের দামও বেড়েছে; কোনো কোনো পণ্যের ওজন কমেছে। যেমন পরিচিত একটি ব্র্যান্ডের ১ কেজির ডিটারজেন্টের প্যাকেটের দাম এ মাসের শুরুতে ছিল ১৯৫ টাকা, যা গতকাল ২২০ টাকায় বিক্রি হয়েছে। মাসখানেক আগে ১০০ গ্রাম ওজনের বহুল ব্যবহৃত একটি গায়ে মাখা সাবানের দাম ছিল ৫৫ টাকা। এখন সেই সাবানের ওজন কমিয়ে ৯০ গ্রাম করা হয়েছে, সেই সঙ্গে দাম বাড়িয়ে করা হয়েছে ৬৫ টাকা।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘বিভিন্ন মোড়কজাত পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার খরচের বড় একটি অংশই চলে যায় এই বাড়তি ব্যয় সামলাতে।’

শেয়ার করুন!