নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের তাগিদ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির অপার সম্ভাবনা কাজে লাগানো এবং জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে সবপক্ষকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার, দেশের বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ জরুরি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনে সিএসআর সেন্টারের বার্ষিক প্রকাশনা ‘বাংলাদেশে সিএসআর প্রতিবেদন ২০২৬: জ্বালানি ও জলবায়ু, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তাগিদ দেওয়া হয়।
প্রকাশিত এই প্রতিবেদনে মূলত জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের গভীর পারস্পরিক সম্পর্ক এবং দেশের নবায়নযোগ্য জ্বালানির খাতটির সুপ্ত সম্ভাবনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
পাশাপাশি দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বজায় রাখা এবং বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশের নির্ধারিত জ্বালানি ও জলবায়ুবিষয়ক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করা সম্ভব বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসআর সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সোলারিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদার ইসলাম, অস্ট্রেলিয়ার স্মার্ট এনার্জি কাউন্সিল ও রিনিউয়েবল এনার্জি কাউন্সিল অব এশিয়া-প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন গ্রাইমস এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস. জামান। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধি, আন্তর্জাতিক বিভিন্ন অংশীদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিরা অংশ নেন।
এ সময় তারা বাংলাদেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং কার্যকর জলবায়ু কার্যক্রম আরো দ্রুত এগিয়ে নেওয়ার নানা উপায় নিয়ে পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।








