সমুদ্রের বুকে ভেসে ভেসে বিশ্বভ্রমণ আর ভাসমান বিলাসবহুল কেবিনকে ‘স্থায়ী ঘর’ বানানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল মার্কিন প্রমোদতরি ‘এমভি ওডিসি’। তবে জ্বালানি তেলের অতিরিক্ত খরচের কাছে হার মেনে ৩ বছরের এই দীর্ঘ ভ্রমণ স্থগিত করতে বাধ্য হয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান। এর ফলে কম্বোডিয়ায় প্রমোদতরি থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন শতাধিক যাত্রী। জাহাজটির কবে আবার যাত্রা শুরু হবে, তা নিশ্চিত নয়।
সাতটি মহাদেশ ভ্রমণের উদ্দেশ্যে দুই বছর আগে যাত্রা শুরু করেছিল ‘এমভি ওডিসি’। জাহাজটির পুরো জীবনকালের জন্য একটি স্যুইট কেনার মূল্য শুরু হয়েছিল প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার থেকে। বর্তমানে থাইল্যান্ড উপসাগরের তীরে কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে ভিড়ে আছে এটি। তবে সেখান থেকে ছাড়ার নির্দিষ্ট কোনও তারিখ জানা যায়নি।
কম্বোডিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রমোদতরিটিতে ২০৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশির ভাগই মার্কিন নাগরিক। জাহাজটিতে ১৫৬ জন ক্রু সদস্যও রয়েছেন। যদিও এর যাত্রী ধারণক্ষমতা ৬৫০ জন।
ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’ জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে এশিয়ার কিছু অঞ্চলে জ্বালানি খরচ আশঙ্কাজনকভাবে বেড়েছে। অতীতে কেবিনপ্রতি মাসে গড়ে ১,৮০০ ডলার জ্বালানি খরচ হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ৬,০০০ থেকে ৮,০০০ ডলারে। যাত্রার গতি কমিয়ে এবং বন্দরে বেশি সময় অবস্থান করে জ্বালানি খরচ কমানোর চেষ্টা করেও এই বিপুল ব্যয় সামাল দেওয়া সম্ভব হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি।
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরাএকসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সব ধরনের জ্বালানি পণ্যের সরবরাহ সংকুচিত হয়ে জ্বালানির দাম হু হু করে বেড়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে ভিলা ভি রেসিডেন্সেস জানায়, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের কারণে লোকসান নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পুরো ব্যয়বৃদ্ধি যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়াও বাস্তবসম্মত সমাধান নয়। প্রতিষ্ঠানটি এখন পুনর্গঠনের চেষ্টা চালানোর পাশাপাশি যাত্রী, ক্রু ও কর্মীদের সহায়তায় মনোযোগ দিচ্ছে। কোম্পানিটি আরও জানায়, তারা বাসিন্দাদের জাহাজ থেকে নামানো এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করতে তাদের সঙ্গে সমন্বয় করছে।
তবে প্রমোদতরিটির যাত্রী ও ট্রাভেল ব্লগার র্যান্ডি কাসিংহাম অনলাইনে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কোম্পানি সাহায্যের নাম মাত্র কিছু করেনি। আমরা এমনকি বন্দর থেকে হেঁটে বের হতেও পারিনি। শাটল বাস আমাদের সিহানুকভিল শহরের মাঝখানে নামিয়ে দিয়েছে। হোটেলগুলোর কোনও তালিকা পর্যন্ত দেওয়া হয়নি, হোটেলে পৌঁছানো কিংবা আবাসনের খরচ মেটানোর ক্ষেত্রেও সহায়তা করা হয়নি’। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোম্পানির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রিয়াহ সিহানুক প্রদেশের ডেপুটি গভর্নর লং ডিমাঞ্চে এক বিবৃতিতে জানান, প্রমোদতরিটি গত শুক্রবার সিহানুকভিলে পৌঁছায় এবং বুধবার রওনা হওয়ার কথা ছিল। আশা করা হচ্ছে এটি জ্বালানি নিয়ে শনিবার কম্বোডিয়া ত্যাগ করবে, তবে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এখনও চূড়ান্ত তারিখ নিশ্চিত করেনি।
১৯৯৩ সালে নির্মিত ‘ওডিসি’ ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর কারণে অচল হয়ে পড়েছিল। তার আগে বিভিন্ন ক্রুজ লাইনের অধীনে ভিন্ন ভিন্ন নামে এটি পরিচালিত হয়। ২০২৩ সালে ভিলা ভি রেসিডেন্সেস এটি কিনে নেয়।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগবিতণ্ডাজাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগবিতণ্ডা
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে আধুনিকায়নের পর ২০২৪ সালের অক্টোবরে সাড়ে ৩ বছর মেয়াদী বর্তমান যাত্রাটি শুরু হয়েছিল। প্রতিষ্ঠানটির পরবর্তী সমুদ্রযাত্রাটি ২০৩০ সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
সংকটে পড়ে সিহানুকভিল বন্দরে প্রমোদতরি আটকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনাভাইরাস আতঙ্কে পাঁচটি দেশ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর ‘এমএস ওয়েস্টারডাম’ নামে একটি মার্কিন ক্রুজ শিপকে কম্বোডিয়ায় নোঙর করতে দেওয়া হয়েছিল। ১,৪৫৫ জন যাত্রী নিয়ে দুই সপ্তাহ সাগরে আটকা থাকা সেই জাহাজটিকে মানবিক কারণে নোঙরের অনুমতি দিয়েছিলেন তৎকালীন কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন।
সূত্র: এপি








