ঢাকার বাজারে আগের চেয়ে কম দামে ইলিশ

31 October, 2026

প্রকাশের সময়: 09:03 pm, 31st Oct, 2026

সর্বশেষ আপডেট: 09:03 pm, 31st Oct, 2026

শনিবার দুপুরে কারওয়ান বাজারে ইলিশের সরবরাহ অনেক দেখা যায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও বাজারে দেখা মিলছে ইলিশ মাছের। আগের তুলনায় দামও কমেছে কিছুটা।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছেন খুচরা মাছ ব্যবসায়ী মারুফ হোসেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার পর পাইকারি বাজারে দাম কমেছে। এতে খুচরা বাজারেও আগের চেয়ে কম দামে ইলিশ বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার আগে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৬০০ টাকা। ৮০০-৯০০ গ্রামের ইলিশ কেজিপ্রতি এক হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন তিনি। উৎস সম্পর্কে জানতে চাইলে নিজের দোকানে সব মাছই পদ্মার ইলিশ বলে দাবি করেন এ বিক্রেতা।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয় গত ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলাকালে সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

আল্লার দান ফিশের স্বত্বাধিকারী শুক্কুর আলী জানান, এক কেজি ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি এক হাজার ৭০০ থেকে এক হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি থাকায় আজ ইলিশ মাছের দাম অনেক কম।আরেক মাছ ব্যবসায়ী বাচ্চু জানান, ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ৪০০-৬০০ টাকায় বিক্রি করছেন তিনি। ৫০০-৬০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকা কেজিতে।দুই হাজার টাকা দিয়ে এক কেজির ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কিনতে দেখা গেল এক ক্রেতাকে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এতদিন তো বন্ধ ছিল। আজ কিছুটা কমে ইলিশ কিনতে পেরেছি। এই দাম কতদিন থাকে দেখা যাক।২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বরিশাল বিভাগের প্রায় চার লাখ জেলে পরিবারের সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। কক্সবাজারের জেলেরাও সাগরে মাছ ধরতে শুরু করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সাগরে মাছের প্রাপ্যতা কমে গেলেও এবার ভালো মাছ পাওয়ার আশা করছেন কক্সবাজারের জেলেরা।গতকাল শুক্রবার ভোর থেকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশসহ বিভিন্ন মাছ আসতে শুরু করে।

শেয়ার করুন!