সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলির লড়াই

31 October, 2026

প্রকাশের সময়: 07:14 pm, 31st Oct, 2026

সর্বশেষ আপডেট: 07:15 pm, 31st Oct, 2026

বাঘাইছড়ি, সাজেক, রাঙামাটি ছবি-সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটি জেলার সাজেকের বাঘাইছড়িতে পাহাড়ে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত খীসা) ও জেএসএসের (সন্তু লারমা) মধ্যে দফায় দফায় গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ লড়াইয়ের ঘটনা ঘটে। হতাহতের বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গুলির লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে এ গুলির লড়াই হয়েছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধ ১০ দিনে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল রাখা হয়।

শেয়ার করুন!