পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠিত 

01 November, 2026

প্রকাশের সময়: 03:17 pm, 1st Nov, 2026

সর্বশেষ আপডেট: 03:18 pm, 1st Nov, 2026

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের জন্য ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে সরকার।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দাবি পূরণ হওয়ায় এ সময় তিনি সড়ক ছেড়ে কাজে ফিরে যেতে শ্রমকিদদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৩০ অক্টোবর) শ্রমিক নেতা এবং শনিবার (৩১ অক্টোবর) তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন- বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

দুই পক্ষের আলোচনার পর শনিবার এক সংবাদ সম্মেলনে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন তিনি। 

ঘোষিত মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন, মালিক পক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন, শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশেনর যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও নিরপেক্ষ দুই সদস্য মোসলেহ উদ্দিন আহমদ ও আনোয়ার হোসাইন।

এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার। 

সর্বশেষ, ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাকখাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা।

সাধারণত প্রতি ৫ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে চলতি বছরের ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়।

এতে মজুরি পুনর্নির্ধারণের সময় ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়। সেই হিসেবে নভেম্বর মাসে নতুন নিম্নতম মজুরি বোর্ড ঘোষণার কথা। 

এদিকে, তৈরি পোশাক খাতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা।

শেয়ার করুন!