৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি টার্মিনাল: কমবে গ্যাস সরবরাহ

01 November, 2026

প্রকাশের সময়: 07:33 pm, 1st Nov, 2026

সর্বশেষ আপডেট: 07:41 pm, 1st Nov, 2026

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি টার্মিনাল: কমবে গ্যাস সরবরাহ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন সাময়িকভাবে বন্ধ রাখবে সামিট এলএনজি টার্মিনাল। এ কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৪ দিনের জন্য দেশের মোট গ্যাস সরবরাহ প্রায় ১৩ শতাংশ কমে যাবে বলে জানা গেছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলা এ বিষয়ে জানায়, কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে যাবে, অর্থাৎ বর্তমানের ৯২০ এমএমসিএফডি থেকে তা ৬০০ এমএমসিএফডিতে নেমে আসবে।

এতে করে দেশের মোট গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৫৫০ এমএমসিএফডি থেকে কমে ২ হাজার ২৩০ এমএমসিএফডিতে দাঁড়াবে।

বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। এগুলোর সম্মিলিত গ্যাস সরবরাহের সক্ষমতা প্রতিদিন ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

২০২৫ সালের বছরের ডিসেম্বরে একইভাবে রক্ষণাবেক্ষণের কার্যক্রম নেওয়া হয়েছিল।

শেয়ার করুন!