দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে নয় সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টুকে আহ্বায়ক এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন।
আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যরা হলেন বাংলানিউজ২৪ডটকম সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগোনিউজ২৪-এর সম্পাদক কেএম জিয়াউল হক, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক মো. শাহাদাত হোসেন ও রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।








