ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুকে ই-স্তর সেমিফাইনালে লাল-সবুজের দল হারিয়েছে আফ্রিকার দেশ গ্যাবনকে। ১-০তে জয়ে একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল।
ম্যাচের প্রথম দশ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়লেও গোলে রূপান্তর করতে পারেনি। গ্যাবনও কয়েকটি আক্রমণ করে, তা বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দেয়ার জন্য যথেষ্ট ছিল না। ১৪তম মিনিটে গোল আদায় করে নেয় বাংলাদেশ। রাইট উইং দিয়ে আক্রমণে জোরাল শটের পর ফিরতি বলে হেডে গোল করেন রাতুল। ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ ১৮তম মিনিটের সময় আরও একটি সুযোগ পেয়েছিল। লেফট উইং দিয়ে ওয়ান টু ওয়ান আক্রমণের সময় গ্যাবন গোলকিপার উপরে উঠে আসলেও বল বাইরে মারেন বাংলাদেশের খেলোয়াড়। প্রথমার্ধে গ্যাবন পরে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতির পরও বাংলাদেশের আক্রমণে আধিক্য ছিল। তবে জালের দেখা পাচ্ছিলেন না আকবর হোসেন রিদনের শিষ্যরা। ৩৩তম মিনিটে একটি ভালো সুযোগ আসলেও গোলে রূপান্তর করতে পারেনি বাংলাদেশ। ওই ১-০ গোলের জয়ে ফাইনালে ওঠে লাল-সবুজরা।
প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিমের দল। বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে জেতে, হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায়। কোয়ার্টারে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিতে ওঠে বাংলাদেশ।








