মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রফতানির সম্ভাবনা

04 August, 2026

প্রকাশের সময়: 12:14 pm, 4th Aug, 2026

সর্বশেষ আপডেট: 12:14 pm, 4th Aug, 2026

বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ বিভিন্ন পণ্য আমদানি করতে চায় মালয়েশিয়া। এছাড়া আরো বেশকিছু বাংলাদেশি পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ.ই. মো. সুহাদা ওথম্যান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে দেখা করে আমদানি করার এ আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার (৪ আগস্ট) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশেষ করে মাংস রফতানি, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রফতানির সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়।

এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। একইসঙ্গে মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রফতানির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার এইচ.ই. মো. সুহাদা ওথম্যান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজভান হাসনল  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন!