পাকিস্তানের সংঘাতময় প্রদেশের গুরুত্বপূর্ণ একটি শহর কোয়েটা দখল নিতে প্রস্তুতি নিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি’র (বিএলএ) ৪ হাজার সদস্য।
এ খবর জানার পর কোয়েটা শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
কোয়েটা সিটির পুলিশের বরাত দিয়ে দ্য বেলুচিস্তান পোস্ট বৃহস্পতিবার (৬ আগস্ট) এ খবর জানায়।
দ্য বেলুচিস্তান পোস্ট এক প্রতিবেদনে জানায়, কোয়েটা পুলিশ বিএলএ’এর একটি মেসেজ থেকে জানতে পেরেছে যে, শুক্রবার (৭ আগস্ট) কোয়েটা শহর দখল নিতে বিএলএ’র ৪ হাজার সদস্য প্রস্তুতি নিয়েছে। এ জন্য তারা সমন্বিত আক্রমণ করবে। এর মধ্যে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কাও করা হচ্ছে।
নিরাপত্তার জন্য কোয়েটা পুলিশ নগরবাসীকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে সিটি।
এদিকে, বিএলএ’র হামলা প্রতিহত করতে ৩ দিনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন বেলুচিস্তানের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ।
দ্য বেলুচিস্তান পোস্ট-এর বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, বিএলএ’র হামলা প্রতিহত করতে কোয়েটা শহরকে ‘রেড জোন’ ঘোষণা করে শহরকে ‘সিলড’ করে দেওয়া হয়।
এর পাশাপাশি কালাত ও নক্ষী শহরকেও বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে কালাতের স্থানীয়রা দ্য বেলুচিস্তান পোস্টের প্রতিবেদকদের জানিয়েছেন, বিএলএ’র হামলা প্রতিহত করতে বিভিন্ন স্থানে বাংকার খুঁড়ে সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এতে করে কালাতে গাড়ি চলাচল, দোকানপাট ও চলাচলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
অন্যদিকে, নক্ষীর সব ব্যাংক ৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের শুরু থেকে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ‘বেলুচিস্তানের হিরোঅব ২’ শিরোনামে বেলুচিস্তানের বিভিন্ন জেলা ও এলাকা দখল নিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।








