বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী: দুর্গতদের হাতে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

09 August, 2026

প্রকাশের সময়: 03:17 pm, 9th Aug, 2026

সর্বশেষ আপডেট: 03:18 pm, 9th Aug, 2026

বাঁশখালীতে দুর্গতদের হাতে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী
বাঁশখালীতে দুর্গতদের হাতে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর দুর্গত মানুষদের হাতে নতুন ঘরের চাবি দিয়ে সরকারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্ষতিগ্রস্তদের জন্য টিনের ছাউনির নতুন ঘর তৈরি করে দিয়েছে সরকার।

রোববার (৯ আগস্ট) দুপুরে বন্যাকবলিত বাঁশখালীর বাহারছড়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন এবং নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

এ সময় তারেক রহমান ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে যান। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জুলাই থেকে বাঁশখালীসহ চট্টগ্রামের কয়েকটি প্রত্যন্ত ও নিচু এলাকা প্লাবিত হয়। বন্যায় ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়ির উদ্দেশে রওয়ানা হন।

ফটিকছড়িতে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিউর রহমান রুমন।

শেয়ার করুন!