আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩শ ১৫

09 August, 2026

প্রকাশের সময়: 04:46 pm, 9th Aug, 2026

সর্বশেষ আপডেট: 04:46 pm, 9th Aug, 2026

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১শ ১৫ জন। এই নিয়ে দেশে ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে, ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫শ ৫৪ জনে।  

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার (৯ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন ধরে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সে অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল।

বিষয়টির দিকে ইঙ্গিত করে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫শ ৫৪ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩শ ১৫।

তিনি বলেন, যদি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হয় বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।

এর আগে, গত মে মাসে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২শ ৪০ জন।

৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন আছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেবো।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল এসে আজকে দুটি মনোনয়ন ফরম নিয়ে গেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নেয়নি।

শেয়ার করুন!