২শ ১৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এলো ২২ দিনে

23 August, 2026

প্রকাশের সময়: 07:38 pm, 23rd Aug, 2026

সর্বশেষ আপডেট: 07:38 pm, 23rd Aug, 2026

২শ ১৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এলো ২২ দিনে

আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২শ ১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১শ ২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ৪শ ২০ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১শ ৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরে একই সময়ে এসেছে, ২শ ১৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫শ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪শ ১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকারদের মতে, বৈধপথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন!