দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রাকৃতিক এবং চলমান যুদ্ধাবস্থা এর জন্য বর্তমান সরকার কোনোভাবেই দায়ী নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রাকৃতিক কারণ এবং বৈশ্বিক চলমান যুদ্ধাবস্থার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে। তিনি জানান, মহেশখালীর ভাসমান গ্যাস টার্মিনালে একটি ত্রুটি দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে মেরামত করা হয়েছে। এছাড়া এলএনজি ভর্তি কার্গো দেশে পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহও শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এসব টেকনিক্যাল ও প্রাকৃতিক কারণেই সাময়িকভাবে বাসাবাড়িতে গ্যাস-বিদ্যুৎ সংকট দেখা দিয়েছিল এবং কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে সরবরাহ পুনরায় শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় এই সংকট দ্রুত কেটে যাচ্ছে।
সরকারের স্বচ্ছতার কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার পার্লামেন্ট, দলীয় নেতাকর্মী এবং মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে।
এ সময় সংকটের সুযোগ নিয়ে একটি মহলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে রিজভী বলেন, “এই সংকটকে কেন্দ্র করে চক্রান্ত থেমে নেই। তবে আমাদের দল (বিএনপি) জনগণের পাশে থেকে এসব চক্রান্ত প্রতিহত করবে।” একই সাথে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগাপ্রজেক্টে হওয়া ব্যাপক দুর্নীতির সমালোচনা করেন।








