হাওরে বেড়াতে যাচ্ছেন? প্রশাসনের এই ১৩ নির্দেশনা জেনে রাখুন

26 August, 2026

প্রকাশের সময়: 04:36 pm, 26th Aug, 2026

সর্বশেষ আপডেট: 04:36 pm, 26th Aug, 2026

বৃহস্পতিবার ছুটি নিলে আজ ২৫ আগস্ট থেকে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ আছে। তাই অনেকেই সেই সুবিধা নিয়ে বেড়াতে যাচ্ছেন। হাউসবোটে থাকার সুবিধা মেলায় অনেকেই যাচ্ছেন হাওরে। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরে বেড়াতে যাওয়ার আগে জেনে রাখুন সেই নির্দেশনাগুলো—

১. হাওরের যেসব অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), কেবল সেসব এলাকায় কোনো ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ ও চলাচল করতে পারবে না। বাকি অংশে হাউসবোট কিংবা পর্যটকবাহী নৌকা চলাচলে কোনো বাধা নেই। নৌকাগুলো পর্যটকদের নিয়ে মাটিয়ান হাওর, বৌলাই নদ হয়ে টেকেরঘাট পর্যন্ত চলাচল করতে পারবে।
২. সব হাউসবোটের নিবন্ধন বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো হাউসবোট বা নৌযান পরিচালনা করা যাবে না।
৩. হাউসবোটে উচ্চ স্বরে গানবাজনা, মাইক ও পার্টির আয়োজন নিষিদ্ধ।
৪. একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক বহন নিষিদ্ধ।
৫. নৌযানে পানি বিশুদ্ধকারী ফিল্টার রাখা বাধ্যতামূলক।
৬. হাউসবোটে বাধ্যতামূলক সেপটিক ট্যাংক ও অন্তত দুটি ডাস্টবিন রাখতে হবে।
৭. হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।
৮. হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৯. পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নিনির্বাপণযন্ত্র ও গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।
১০. পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ট্যুর শুরুর আগে তা অবহিত করতে হবে।
১১. জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।
১২. প্রতিটি ট্যুরে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
১৩. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রাখতে হবে এবং ঝড়, প্রবল বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন!