দেশের কর্পোরেট (বহুজাতিক) ব্যবসা-প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে লভ্যাংশের ১ শতাংশ ব্যয় করতে হবে। এ বাধ্যবাধকতার নীতিমালার একটি খসড়া প্রকাশ করেছে সরকার।
নীতিমালা অনুযায়ী, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সিএসআর খাতে ব্যয় করতে হবে।অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর এটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
চলতি বছরের ২৭ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি-১ শাখা থেকে এ বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রকাশ করা হয়। সে খসড়া নীতিমালা অনুযায়ী, বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকে সিএসআর নীতিমালার বাধ্যবাধকতা মেনে সামাজিক ব্যয় করতে হবে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- পুঁজিবাজার স্বীকৃত তালিকাভুক্ত কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, নির্ধারিত পরিমাণের বেশি বার্ষিক বিক্রয় সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রভৃতি।
যে সব জনকল্যাণমূলক খাতে ব্যয় করতে হবে
খসড়া নীতিমালায় শিক্ষা, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন, দারিদ্র্য হ্রাস ও জীবিকা উন্নয়ন, নারী ও শিশু, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পরিবেশ ও জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, গ্রামীণ উন্নয়ন, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে সিএসআর ব্যয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
যে ব্যয় সিএসআর খাতে অন্তর্ভূক্ত হবে না
খসড়া নীতিমালায় বলা হয়, আইনগত বাধ্যবাধকতা পালনের ব্যয়, স্বাভাবিক ব্যবসায়িক ব্যয়, বিজ্ঞাপন ও প্রচারণা, রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে অনুদান, জরিমানা, বাধ্যতামূলক ক্ষতিপূরণ এবং মালিক-পরিচালকদের ব্যক্তিগত সুবিধা ইত্যাদি ব্যয় সিএসআর হিসেবে দেখানো যাবে না।
সিএসআর প্রতিবেদন ও তথ্য প্রকাশের জন্য আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি অর্থবছরে একটি সংক্ষিপ্ত বার্ষিক সিএসআর প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে এ খসড়া নীতিমালায়।
এতে বিগত ৩ অর্থবছরের গড় কর-পূর্ব মুনাফা, বাধ্যতামূলক সিএসআর ব্যয়ের পরিমাণ, প্রকৃত ব্যয়, অব্যয়িত অর্থ ও কারণ, প্রধান প্রকল্প ও খাত, উপভোগ উপকারভোগীর পরিধি এবং অর্জিত প্রধান ফলাফল উল্লেখ থাকতে হবে।
খসড়া নীতিমালা প্রকাশ
কবে নাগাদ চূড়ান্ত নীতিমালা প্রকাশ হতে পারে এ বিষয়ে জানতে চাইলে সিএসআর নীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু সোম মহান দৈনিক সওদা’কে বলেন, আমরা এখন খসড়া প্রকাশ করেছি। এটি অংশীজনদের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। আরো কিছু ধাপ আছে, সেগুলো মেনে সামনে আগাতে হবে।
তিনি বলেন, প্রথম ধাপ হিসেবে আমরা বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবো। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট ‘জাতীয় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতিমালা-২৬’ শিরোনামে নীতিমালা বিষয়ে ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি শাখা-১। এর স্মারক নম্বর: ২৬.০০.০০০০.১১১.৯৯.০০৫.২২-৬৪।








