ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে অনুষ্ঠিত হবে এবং এ বছরের ১২ নভেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন।
কমিশনার আবুল ফজল সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা আজকে (সোমবার) নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদের বিশেষ করে নির্বাচন নিয়ে প্রাকপ্রস্তুতিমূলক সভা করেছি।
তিনি বলেন, এখানে কতগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এগুলি চূড়ান্ত নয়। সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে নিতে পারেন।
পরবর্তী সভার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল (আন্তঃবিভাগীয়) প্রস্তুতিমূলক সভা আছে। তখন এটি চূড়ান্ত হবে।
তিনি বলেন, বাংলাদেশে মোট ইউনিয়নের সংখ্যা হলো ৪ হাজার ৫শ ৮০টি। এর মধ্যে ৪ হাজার ২শ ৭২টি আইন অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইলেকশন শিডিউলের মধ্যে চলে যাবে।
৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১২ নভেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো আশা করছি।
১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপে, ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপে, ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি, পঞ্চম ধাপের নির্বাচন এবং ষষ্ঠ ধাপের নির্বাচন ২২ এপ্রিল, ২৭ মে সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে বলেও উল্লেখ কমিশনার সানাউল্লাহ।
একইসঙ্গে, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।








