জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রথমে বাসভাড়া এবং এরপর এবার নৌযানের ভাড়াও বেড়েছে। নৌযানে ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগে নৌপথের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। সে ভাড়ার সঙ্গে আরো ৩ টাকা যোগ করে নৌযানের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধির পর নৌযানের ভাড়া বৃদ্ধির একটা ন্যায্য দাবি উত্থাপিত হয়।
তিনি বলেন, এই সরকার শপথ নেওয়ার পর জ্বালানির দাম একবার বেড়েছিল, ১৫ শতাংশ। তার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সক্ষমতা অথবা যাত্রীদের সুবিধাটা বিবেচনায় রেখে সাড়ে ৬ শতাংশর মতো ভাড়া বৃদ্ধি পেয়েছিল।
এবার তেলের দাম বেড়েছে, ১৭ দশমিক ৩৯ শতাংশের মতো।
ব্যবস্থাপনা ব্যয়, ডলারের দাম, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় প্রথমে তারা ২৫ শতাংশ ও পরবর্তীতে ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতাও আছে।
তবে দ্বিপক্ষীয় বৈঠকে আমরা ৭ দশমিক ৫৪ শতাংশ নির্ধারণ করেছি।
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমার মনে হয়, একটা যৌক্তিক পর্যায়ে ভাড়াটা বেড়েছে।








