উড়োজাহাজে ২ পাইলটের মারামারি,  সৌদিতে জরুরি অবতরণ

30 September, 2026

প্রকাশের সময়: 06:39 pm, 30th Sep, 2026

সর্বশেষ আপডেট: 06:49 pm, 30th Sep, 2026

ফ্লাইদুবাই ফ্লাইটে দুই পাইলটের মারামারি ঘটেছে

দুবাই থেকে ইসরায়েলগামী একটি উড়োজাহাজে ২ পাইলটের মারামারির পর সেটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করতে সক্ষম হয়েছে।

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ২ ঘণ্টা পর বিমানটি একটি জরুরি সংকেত পাঠায় বলে জানায় ফ্লাইট-পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।

এ বিষয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের উদ্দেশে রওয়ানা হয়।

উড়োজাহাজটিতে ১শ ৫০ থেকে ১শ ৮০ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই ছিলেন ইসরায়েলি।

যাত্রার প্রায় ২ ঘণ্টা পর উড়োজাহাজটি ৭৭০০ কোড পাঠায়, যা সাধারণ আন্তর্জাতিক জরুরি সংকেত। এর কয়েক মিনিট পর সেটি ৭৫০০ কোড পাঠায়, যা ছিনতাই বা ‘অবৈধ হস্তক্ষেপ’- এর সংকেত হিসেবে ব্যবহৃত হয়। পরে আবার সাধারণ জরুরি সংকেত পাঠানো হয়।

জরুরি সংকেত পাঠানোর আগে উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে একপর্যায়ে ১৭ হাজার ফুটে নেমে যায় এবং পরে আবার দ্রুত নিচে নামতে থাকে।

একজন ইসরায়েলি যাত্রী সাংবাদিকদের বলেন, কেবিন ক্রুরা যাত্রীদের কাছে সহায়তা চান। পরে কয়েকজন যাত্রী একজন পাইলটকে নিয়ন্ত্রণে আনতে এবং তাকে বেঁধে রাখতে সহায়তা করেন।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জেরুজালেম পোস্টকে বলেন, একজন পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ককপিটের কাছাকাছি থাকা কয়েকজন যাত্রী হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সক্ষম হন।

ওই প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানের পেছনের দিকে আরো দুইজন পাইলট অবস্থান করছিলেন। তিনি বলেন, আমি তাদের দিকে চিৎকার করে বলেছিলাম যেন তারা দ্রুত গিয়ে বিমানের নিয়ন্ত্রণ নেয়।

তিনি আরো বলেন, আহত পাইলটকে বিমানে থাকা একজন দন্তচিকিৎসক জীবনরক্ষাকারী চিকিৎসা সহায়তা দেন।

ঘটনার সময় উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ করতে না পারায় ইসরায়েলি বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠায়।

দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও জরুরি বৈঠক করেন। পরে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হলে সেটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

শেয়ার করুন!