আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে তিন গুণ মৃত্যু, আক্রান্ত দ্বিগুণ

02 October, 2026

প্রকাশের সময়: 02:55 pm, 2nd Oct, 2026

সর্বশেষ আপডেট: 02:55 pm, 2nd Oct, 2026

সেপ্টেম্বরের ১৪৮ মৃত্যু চলতি বছরে এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে তিন গুণের বেশি। একই সময়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২০ হাজার ৫৩৬ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৭৭৪-এ। আর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

সেপ্টেম্বরের ১৪৮ মৃত্যু চলতি বছরে এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।

ডেঙ্গুর মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরুতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়। জুনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯০৭ জনে। এরপর জুলাইয়ে ৯ হাজার ২০৬, আগস্টে ২০ হাজার ৫৩৬ এবং সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

অর্থাৎ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে নতুন রোগী বেড়েছে ২৩ হাজার ২৩৮ জন। এ হিসাবে নতুন রোগী বৃদ্ধির হার দাঁড়ায় প্রায় ১১৩ শতাংশ। অন্যদিকে আগস্টের ৪৩ মৃত্যুর বিপরীতে সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। এক মাসের ব্যবধানে মৃত্যু বেড়েছে ১০৫ জন বা প্রায় ২৪৪ শতাংশ। অর্থাৎ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে প্রায় ৩ দশমিক ৪ গুণ।

মৃত্যুর ক্ষেত্রেও বছরের শুরুতে পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রিত ছিল। জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশ বোর্ডে মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু দেখানো হয়নি। জুনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে। এছাড়া জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যায়। এরপর সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮-এ পৌঁছায়।

সেপ্টেম্বরের শেষ দিনেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। এ মাসের শেষ দিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরো ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদিন মৃত্যু হয় ছয়জনের। এতে বছরের প্রথম নয় মাসে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ৭৯ হাজার ৬২০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৫ জনের। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৮৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশ বোর্ডে গতকাল প্রকাশিত হিসাব অনুযায়ী, অক্টোবরের প্রথম দিনেই (বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায়) আরো ১ হাজার ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯-এ। এছাড়া এ পর্যন্ত হাসপাতালে মোট ৮১ হাজার ৫৯৮ রোগী ভর্তি হয়েছে।

শেয়ার করুন!