সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে চার শিশু ও নিশ্চিত হামে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২’শ ৯৩ জন। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ২০ জনের। সন্দেহজনক হাম রোগীদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়, ৪৭৪ জন। চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৪৬, বরিশালে ১৩৯, খুলনায় ১২৮, ময়মনসিংহে ৮২, রংপুরে ৪১ এবং রাজশাহীতে ৩৩ জন শনাক্ত হয়েছেন।








