সৌদিতে ফের হামলা: ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

12 October, 2026

প্রকাশের সময়: 12:50 pm, 12th Oct, 2026

সর্বশেষ আপডেট: 12:50 pm, 12th Oct, 2026

সৌদিতে হুতিদের ফের হামলা: ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিমানবন্দরে ফের মিসাইল হামলা করেছে হুতি গোষ্ঠীর সদস্যরা। পর পর ২ দিনের হামলার পর সৌদির উড়োজাহাজ চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সোমবার (১২ অক্টোবর) জানানো হয়, রোববারের পর ফের সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া একই সময়ে সৌদির দুটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনাতেও হামলা হামলা চালানোর দাবি করেছে হুতির সদস্যরা।

এদিকে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংস্থাটি জানায়, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে একইভাবে হামলার ঘটনা ঘটেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।

ঢাকা থেকে বাতিল ১০ ফ্লাইট

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার পর্যন্ত ১০টি ফ্লাইটের ৩ হাজার ৪শ ৩১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার এএসএম স্কোয়াড্রন লিডার সাকিব সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়েছে এসব ফ্লাইটের যাত্রীদের ওপর।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা এবং পরবর্তী যাত্রার সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন!