গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় একটি কার্টনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টসের’ কার্টন ও সুতার গুদামে লাগা আগুন দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম এবং পাশাপাশি ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। পরে তা দুটি গুদামে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, গুদাম দুটি টিনশেডের। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছে। আগুনে কাগজের কার্টন, সুতা, কাপড়, টিনশেডের তৈরি দুটি গুদাম পুড়ে গেছে। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সে সময় কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে আরো ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশষে, ১০টি ইউনিট একসঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।








