হাটে-মাঠে-ঘাটে

25 October, 2026

প্রকাশের সময়: 06:35 pm, 25th Oct, 2026

সর্বশেষ আপডেট: 04:41 pm, 26th Oct, 2026

গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটের কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী ইয়ারুল ইসলাম

অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা ও বৈদেশিক বাণিজ্যের ধীরগতি, রফতানি শিল্পে চাপের মতো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।

গণঅভ্যূত্থানের পূর্ববর্তী সময়ে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে অন্তরীণ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ও গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণকারী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

এ বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরে আসা শুরু করলেও অর্থনৈতিক অবস্থা আগের মতো এখনো স্বাভাবিক হয়নি।

রাজধানীর সড়কে, হাটে-মাঠে ঘুরে দৈনিক সওদা টিম জানার চেষ্টা করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মনোভাব; তাদের বর্তমান অবস্থা এবং দৈনন্দিন জীবনযাপন ব্যবস্থা, সঞ্চয় পরিস্থিতি ও চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে তাদের মতামত।

এ বিষয়ে জাহিদ হাসানের প্রতিবেদনের ২য় পর্ব-

কেনাকাটার মতো কাস্টমার নেই বললেই চলে

গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটের কাপড়ের ব্যবসায়ী ইয়ারুল ইসলাম। বর্তমানে তিনি কেমন আছেন জানতে চাইলে বলেন, ‘কেনাকাটার মতো কাস্টমার নেই বললেই চলে।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রথমত- ঈদভাঙ্গা বাজার। দ্বিতীয়ত- প্রচুর বৃষ্টিপাত। তৃতীয়ত- কাস্টমার খুবই কম। এখন আমাদের দোকানে প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ আছে। কিন্তু আয় আসে হয়ত ২০-৩০ হাজার টাকা। প্রতি মাসে ৫০ হাজার টাকা আমরা ঋণী হয়ে যাচ্ছি।’

‘আগের মতো আর লাভ হয় না’ উল্লেখ করে ইয়ারুল ইসলাম বলেন, ‘আয় কমে যাওয়ার কারণে প্রতি মাসে আমরা লোকসানে পড়ে যাচ্ছি। কী যে একটা অবস্থা, বলার মতো না। এ কারণে সঞ্চয় করা আসলে মোটেও সম্ভব না। আমার মনে হয়, সঞ্চয় করাটা বেশি জরুরি। কিন্তু ব্যবসায়ের এই অবস্থায় আমরা আসলে সঞ্চয় করে উঠতে পারছি না।’

লোকসান ঠেকানো কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসা থেকে ভবিষ্যতে যদি ভালো একটা লাভ আসে, আমরা যদি এই খারাপ অবস্থা কাটিয়ে উঠতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো সঞ্চয় করতে পারবো।’

সঞ্চয়ের গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিনিয়োগ তো করতেই হবে; তার সঙ্গে সেখান থেকে কিছু সঞ্চয়ও করতে হবে। কারণ, আমাদের বয়স হয়ে যাচ্ছে। শেষ বয়সে এসে অনেক অসুখ-বিসুখের ব্যাপার থাকে; অসুস্থতার বিষয় থাকে। সঞ্চয় করলে তো অবশ্যই লাভ আছে।’

শেয়ার করুন!