পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, তার (আইজিপি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে রাজধানীর মুগদা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাসনাত আবদুল্লাহ এ অভিযোগ করেন।
আইজিপির মন্তব্যের প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশের কাপড় জনগণের টাকায় কেনা। আপনারা বিএনপির পুলিশ না, সালাহউদ্দিনের পুলিশ না। তাই, আগামী নির্বাচনে তাদের হয়ে কাজ করার দরকার নেই। জনগণের হয়ে কাজ করুন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না করে ২০০৭ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন সালাহউদ্দিন।
এনসিপি নেতা হাসনাত বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেশে কর্মসংস্থান নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে বর্তমান বিএনপি সরকার। যারা আস্থা রেখে ভোট দিয়েছিলন, তারা লাইভে এসে এখন নিজের গালে নিজে জুতা পেটা করছেন।
তিনি দাবি করেন, জনগণ বিএনপিকে ভোট দেওয়ায় অনুতপ্ত এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এই ভুলের সংশোধন করতে হবে।
তিনি আরো বলেন, মোড়ে মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এসব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
ভোটারদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের কাছে গুণ্ডা নিয়ে, হোন্ডা নিয়ে ভোট চাইতে আসবো না। আপনারাও পয়সা নিয়ে ভোট দেবেন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি কর্পোরেশন নির্বাচনে আগের ভুল করবেন না।
প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে।
তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে একপক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অনুমতি দেয়, তাহরে আমরা সেটাই করবো।
আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।








