আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর বিবেচনা: তথ্য উপদেষ্টা

27 October, 2026

প্রকাশের সময়: 02:34 pm, 27th Oct, 2026

সর্বশেষ আপডেট: 02:34 pm, 27th Oct, 2026

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ফাইল ছবি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি’র বক্তব্য নিয়ে সমালোচনা এবং এ ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, তা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, পুলিশ সদর দফতর থেকে ইতোমধ্যে বক্তব্যটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আইজিপি স্পষ্ট করেছেন, তার বক্তব্যের যে ব্যাখ্যা করা হয়েছে, তিনি সে অর্থে কথাটি বলেননি।

তিনি বলেন, আইজিপি’র বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত কেউ কেউ পেয়েছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় তিনি তার বক্তব্যের উদ্দেশ্য পরিষ্কার করেছেন।

সাংবাদিকদের সম্পর্কেও সাধারণীকরণ করে দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

তথ্য উপদেষ্টা বলেন, দায়িত্বশীল পদে থাকা কারো বক্তব্য ভুলভাবে উপস্থাপিত বা ব্যাখ্যা করা হলে সেটি পরিষ্কার করা প্রয়োজন।

আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ফলে, বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হওয়া উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বক্তব্য দেওয়ার পর আইজিপি যদি কোনো ব্যাখ্যা না দিতেন, তাহলে বিষয়টি নিয়ে আরো আলোচনা হতে পারতো। কিন্তু তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।  সে কারণে এ নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।

এ সময় ইশরাক হোসেনের ঘটনায় সরকার ব্যবস্থা নিলেও আইজিপি’র ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ইশরাক হোসেন নিজে সাংবাদিকদের সামনে এসে তার ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। তিনি নিজে থেকে সরে গেছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিতর্কে সরকার যাচ্ছে না।

তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি’র বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ সফর শেষ করে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরো বলেন, কেউ যখন নিজের অবস্থানে অনড় থাকেন না এবং বক্তব্যের ব্যাখ্যা দেন, তখন তার প্রতি আরো কঠোর হওয়া হচ্ছে কিনা, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

সোমবার (২৬ অক্টোবর) আইজিপি আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ এবং সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের পর তা নিয়ে সমালোচনা তৈরি হয়। পরে পুলিশ সদর দফতর থেকে বক্তব্যটির ব্যাখ্যা দেওয়া হয়।

শেয়ার করুন!