ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো, জানুয়ারিতে কার্যকর

04 November, 2026

প্রকাশের সময়: 02:19 pm, 4th Nov, 2026

সর্বশেষ আপডেট: 02:19 pm, 4th Nov, 2026

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো, জানুয়ারিতে কার্যকর

পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ডিসেম্বরের নির্ধারণ করা হবে এবং নতুন কাঠামো অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারি থেকে মজুরি পাবেন শ্রমিকরা।

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভায় একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

তবে প্রথম বৈঠকে মজুরি কাঠামো নির্ধারণের সম্ভাব্য সময়সীমা নিয়ে ঐকমত্য হলেও নতুন ন্যূনতম মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৈঠকে উভয়পক্ষের লিখিত প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং শ্রমিক-মালিকপক্ষের প্রতিনিধিরা।

সকাল ১১টায় শুরু হওয়া সভায় নবনিযুক্ত চেয়ারম্যানসহ বোর্ডের ৬ সদস্য অংশ নেন। বৈঠকে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন, মজুরি বৃদ্ধির দাবি এবং দ্রুত নতুন বেতন কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী সপ্তাহেই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। সে সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি ও প্রস্তাব লিখিত আকারে জমা দেবেন। সেসব প্রস্তাব পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, আগের মতো মজুরি নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করা হবে না। শ্রমিকদের ন্যায্য পাওনা ও শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। সে অনুযায়ী জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন কাঠামোয় বেতন পাবেন।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় আন্দোলন অব্যাহত না রেখে শ্রমিকদের কাজে ফিরে যাওয়া উচিত। উৎপাদন সচল রাখা এবং শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ নিয়ে তাদের কোনো দ্বিধা নেই বলে জানান বাবুল আখতার।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।

মজুরি বোর্ড গঠনের পরেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। চলমান আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এসব ঘটনায় শ্রমিকদের দাবির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে মজুরি বোর্ডের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম বৈঠকে মজুরি কাঠামো নির্ধারণের সম্ভাব্য সময়সীমা নিয়ে ঐকমত্য হলেও নতুন ন্যূনতম মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৈঠকে উভয়পক্ষের লিখিত প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বোর্ডের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা সম্ভব হলে শ্রমিকদের অসন্তোষ কমবে এবং পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরে আসবে।

শেয়ার করুন!