আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থ বিলে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমবারের মতো দেশে ফ্রি ট্রেড জোন (মুক্তবাণিজ্য অঞ্চল) চালুর ঘোষণাও দেওয়া হয়। যার আওতায় ব্যবসা ও বাণিজ্য সহজ করতে বেশ কিছু সুবিধা দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে ছোট উৎপাদনকারীরা যেমন সহজেই কাঁচামাল আমদানির সুযোগ পাবে, তেমনি বড় রপ্তানিকারকেরাও উপকৃত হবে। ফলে পণ্য রপ্তানির লিড টাইম কমবে। এতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতায়ও দেশের রপ্তানিকারকেরা এগিয়ে যাবে।
নতুন এ বাণিজ্যকাঠামোর আওতায় মুক্তবাণিজ্য অঞ্চলের ব্যবসায়ীরা কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই কাঁচামাল, যন্ত্রাংশ ও পণ্য আমদানি করতে পারবেন। এসব অঞ্চলে পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, পুনর্মোড়কীকরণ (রিপ্যাকেজিং), রিলেবেলিং ও পুনর্রপ্তানির সুযোগ থাকবে। প্রয়োজন হলে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধের মাধ্যমে দেশি বাজারেও এসব পণ্য সরবরাহ করা যাবে। এতে যেসব ছোট প্রতিষ্ঠান দেশের ভেতর থেকেই এলসি ছাড়াই বিদেশি কাঁচামাল পাবে, আবার বড়দের ক্রয়াদেশ পেয়ে কাঁচামালের জন্য অপেক্ষা করতে হবে না। মুক্তবাণিজ্য অঞ্চলে থাকা কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন শুরু করতে পারবে।







