এই প্রথম সবচেয়ে বেশি গম আমদানি ফুটবলের দেশ আর্জেন্টিনা থেকে

06 July, 2026

প্রকাশের সময়: 09:22 pm, 6th Jul, 2026

সর্বশেষ আপডেট: 06:42 pm, 9th Jul, 2026

চার বছর আগে ২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের গম আমদানির উৎস বদলাতে শুরু করেছিল। সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতিফলন দেখা গেল সদ্য শেষ হওয়া ২০২৫–২৬ অর্থবছরে। প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশের গম আমদানির শীর্ষ উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশে ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় গম আমদানি বেড়েছে ২৫ শতাংশ। মোট আমদানি হওয়া গমের প্রায় ৩০ শতাংশই এসেছে আর্জেন্টিনা থেকে।

একসময় বাংলাদেশের গম আমদানির প্রধান দুই উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। প্রায় প্রতি অর্থবছরেই দেশ দুটির একটি শীর্ষে থাকত। কিন্তু ২০২২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় আমদানিকারকেরা গমের বিকল্প উৎস খুঁজতে শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে সেই বিকল্পই এখন প্রধান উৎসে পরিণত হয়েছে।

শেয়ার করুন!