জুলাইয়ে প্রবাসী আয় ২৮ হাজার কোটি টাকা

26 July, 2026

প্রকাশের সময়: 02:28 pm, 26th Jul, 2026

সর্বশেষ আপডেট: 02:28 pm, 26th Jul, 2026

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২শ ২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ২শ ৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১শ ২৩ টাকা হিসাবে)।

এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে, ইসলামী ব্যাংকের মাধ্যমে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১শ ৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে, ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার এসেছে।

শেয়ার করুন!