সতর্ক থেকেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

25 October, 2026

প্রকাশের সময়: 01:52 pm, 25th Oct, 2026

সর্বশেষ আপডেট: 01:52 pm, 25th Oct, 2026

সতর্ক থেকেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের ওয়েবসাইট শাটডাউন করা ছিল। এরপরেও এতে সাইবার হামলার দুটি ঘটনা উদঘাটিত হয়েছে বলে জানা গেছে।

ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে ‘স্প্যাম’ বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর তা ঠিক করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে ছুটির পর ব্যাংকিং লেনদেন শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা যায়নি।

এ বিষয়ে জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ওয়েবসাইটে দুটি জায়গায় হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো চিহ্নিত করে নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ চলছে। রোববারের মধ্যেই সাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের (ই্ইউ) সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে।

সে সতর্কবার্তায় বলা হয়, এ ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত সিকিউরিটি প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

সে সতর্কতার অংশ হিসেবে বাড়তি সুরক্ষার তাগিদে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়।

ছুটি শেষে রোববার কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল যথারীতি চালু করা সম্ভব হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণের কারণে সেটি আর চালু করা সম্ভব হয়নি।

শেয়ার করুন!