ইরান বলছে, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তির একদম শেষ পর্যায়ে আছে। এদিকে, ট্রাম্পও এতে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, কয়েকদিনের মধ্যেই হয়ত কোনো চুক্তি আলোর মুখ দেখতে পারে। এর মাধ্যমে একটি চলমান সংঘাত বন্ধের আশা জেগেছে বলে ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ বৃহস্পতিবার (৬ আগস্ট) এ খবর জানায়।
খবরে বলা হয়, এই পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি হয়ত আবারও খুলে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতির ওপর থেকে চাপ কমাবে এবং যুদ্ধ শেষ করতে সাহায্য করবে।
তবে, চুক্তিটি মূলত ইরানের বন্দরের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবরোধ তুলে নেওয়ার ওপর নির্ভর করতে পারে।
এদিকে, ইরান প্রণালীটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে আসছে। তাদের দাবি, যুদ্ধের আগে যেমন হরমুজ প্রণালী উন্মুক্ত ছিল, তা আর আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করার কাজ একবারে শেষ পর্যায়ে রয়েছে। অন্য কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে, তবে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।








