সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান দল। কাতার বিমানবন্দরে দলের ল্যাগেজ আটকে থাকায় ঢাকায় পৌঁছেও নির্ধারিত অনুশীলন করতে পারেনি তারা। ফলে কোনো ধরনের অনুশীলন ছাড়াই সরাসরি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হতে হচ্ছে তাদের।
বুধবার সকালে ঢাকায় পৌঁছায় পাকিস্তান দল। ওইদিনই তাদের শেষ অনুশীলন করার কথা ছিল। তবে অনুশীলন শুরুর প্রায় এক ঘণ্টা আগে কাতার থেকে দলের ল্যাগেজ ঢাকায় না পৌঁছানোর কারণে তা বাতিল করা হয়। প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও কিটস না পাওয়ায় ফুটবলাররা মাঠে নামতে পারেননি। ভারতের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার বড় একটি সুযোগ হাতছাড়া হলো পাকিস্তানের।
অন্যদিকে বুধবার নিজেদের নির্ধারিত অনুশীলন সেশন সফলভাবে সম্পন্ন করেছে ভারত। ফলে দুই দলের প্রস্তুতিতে স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকায় হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে একদিকে পূর্ণ প্রস্তুতি সেরে মাঠে নামবে ভারত, অন্যদিকে কোনো রকম অনুশীলন ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে পাকিস্তানকে।








