পুনর্গঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসরকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের ড্রাফট তালিকা। এতে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১০ জন ক্রিকেটারের নাম রয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ড্রাফট।আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, প্রায় ১,৫০০ দেশি-বিদেশি ক্রিকেটারের নিবন্ধন থেকে চূড়ান্ত ড্রাফটের জন্য ৪৬২ জনকে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে চূড়ান্ত ভেন্যু না জানানো হলেও আসরটি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ড্রাফটে সাকিবসহ বাংলাদেশি ১০ জন
এপিএলের ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন পাঁচ বাংলাদেশি—মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
ড্রাফটে থাকা অন্য চার বাংলাদেশি ক্রিকেটার হলেন—টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ভারতীয় ও পাকিস্তানি তারকাদের ভিড়
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ক্রিকেট থেকে সব সংস্করণে অবসর নেওয়া ভারতীয় অলরাউন্ডার বিজয় শংকর নাম লিখিয়েছেন এই ড্রাফটে। তার সঙ্গে নিবন্ধিত অন্য দুই ভারতীয় ক্রিকেটার হলেন আয়ান খান ও মুরুগান অশ্বিন।
পাকিস্তান থেকে সর্বোচ্চ ২৯ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তালিকায় সাইম আইয়ুব, আরাফাত মিনহাস, হাসান নওয়াজ, ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ ও ফাহিম আশরাফদের মতো তারকারা রয়েছেন। যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও এই ড্রাফটের তালিকায় আছেন। তবে তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ড্রাফটে নাম দিয়েছেন।
এছাড়া ভানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, ইমরান তাহির ও আকিল হোসেনের মতো আন্তর্জাতিক তারকারাও ড্রাফটের ড্রয়ে থাকছেন।
দলগুলোর অধিনায়ক, কোচ ও মেন্টর
এসিবি ইতোমধ্যেই টুর্নামেন্টের পাঁচ দলের অধিনায়ক, হেড কোচ ও মেন্টরদের নাম ঘোষণা করেছে। ক্রিকইনফো জানিয়েছে, একটি ‘লিডার্স ড্রাফটে’র মাধ্যমে দলগুলোর অধিনায়ক ও কোচ চূড়ান্ত করেন মেন্টররা।
কান্দাহার ওয়ারিয়র্স: রশিদ খান (অধিনায়ক), রবি বোপারা (হেড কোচ), ইরফান পাঠান (মেন্টর)।
আকসেল ইউনাইটেড কাবুল: আজমতউল্লাহ ওমরজাই (অধিনায়ক), শেন ম্যাকডারমট (হেড কোচ), নিখিল চোপড়া (মেন্টর)।
নঙ্গরহার দল: রহমানউল্লাহ গুরবাজ (অধিনায়ক), টবি র্যাডফোর্ড (হেড কোচ), মার্ক বাউচার (মেন্টর)।
পাকতিয়া দল: রহমত শাহ (অধিনায়ক), আজহার মাহমুদ (হেড কোচ), ওয়াকার ইউনিস (মেন্টর)।
বলখ দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), মিকি আর্থার (হেড কোচ), তিলকারত্নে দিলশান (মেন্টর)।
ড্রাফট ও স্কোয়াডের নিয়মাবলী
প্রতিটি ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ ৭ লাখ ২৫ হাজার মার্কিন ডলার স্কোয়াডের খেলোয়াড়দের বেতন বাবদ খরচ করতে পারবে। নিয়ম অনুযায়ী:
প্রতি দলে ১৯ জন 'অ্যাক্টিভ' ক্রিকেটার থাকবেন—১৭ জন মূল ড্রাফট থেকে এবং ২ জন সাপ্লিমেন্টারি রাউন্ড থেকে।
একাদশে অন্তত ৭ জন আফগান ক্রিকেটার (যার মধ্যে ১ জন ইমার্জিং) এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন।
প্রথম ৯ জন ড্রাফট পিকিংয়ের মধ্যে অন্তত ৩ জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে।
২০১৮ সালে এপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। তবে আর্থিক অনিয়ম ও শৃঙ্খলাজনিত উদ্বেগের কারণে প্রথম আসরের পর টুর্নামেন্টটি স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে ফিরছে আফগানদের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।








