রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

09 August, 2026

প্রকাশের সময়: 03:00 pm, 9th Aug, 2026

সর্বশেষ আপডেট: 03:04 pm, 9th Aug, 2026

জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পতাকা
জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় পতাকা

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার (৯ আগস্ট)  এ মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

মনোনয়নপত্র সংগ্রহের পর চিফ হুইপ নূরুল ইসলাম মণি সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র একজনের জন্য নিয়েছি, কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয়, এ জন্য দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তবে কারো নামে সেটি নেওয়া হয়নি। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন জমা দেবো।

এর আগে, ২০২৩ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে তখন দুটো মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

তিনি আরো জানান, একজনের একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে একটি বৈধ হলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। জাতীয় সংসদের ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে, বিরোধী দল জামায়াত।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন না থাকলে স্পিকারের পরামর্শে একদিনের বৈঠক আহ্বান করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী, শেষপর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্টের ৭ দিন আগে একদিনের বৈঠক আহ্বান করবেন সিইসি। তবে সেটি সংসদের নিয়মিত অধিবেশন হিসেব গণ্য হবে না।

শেয়ার করুন!