রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল: আটক ৪

11 August, 2026

প্রকাশের সময়: 07:30 pm, 11th Aug, 2026

সর্বশেষ আপডেট: 07:30 pm, 11th Aug, 2026

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ছবি-সংগৃহীত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ছবি-সংগৃহীত

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে বনানী থানার পুলিশ। অন্যদের আটকের চেষ্টা করার সময় ককটেল মেরে পালিয়ে যান তারা।

মঙ্গলবার  (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় মিছিলের চেষ্টা করা হয় বলে বনানী থানা-পুলিশ জানায়।

এ ঘটনায় আটকরা হলেন- সরকারি বাংলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), আওয়ামী লীগ কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হন।

তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এ ছাড়া স্থানীয়দের সহযোগিতায় আরো ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাদের মধ্যে মোট ৪ জনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন!