সাভারে জব্দ করা প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এ সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দে আশেপাশের অন্তত ৫শ মিটার দূরত্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দিনগত মধ্যরাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ড্রামের ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেসার কুকার দেখতে পান তারা।
তারা আরো জানান, রাতে অজ্ঞাতপরিচয়ের ৩ ব্যক্তি ড্রামটি মাঠে রেখে গেছে। পরে প্রেসার কুকারটি বের করে মাঠের মধ্যে রেখে দেন ও ড্রামটি মসজিদের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার পাশে নিয়ে রাখা হয়।
এরপর বুধবার ভোর ৬টার দিকে একটি অটোরিকশায় করে এসে ওই ড্রামটি এখান থেকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা।
ঘটনাটি পুলিশকে জানালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইন-চার্জ ইমরান হোসেনসহ সদস্যরা চারপাশ ঘিরে রাখেন। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর এলাকাটি জনশূন্য করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বিকেল ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা। এ বিষয়ে ঊর্ধ্বতন কমকর্তারা পরে বিস্তারিত ব্রিফ করবেন।








